কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের মঙ্গলকান্দি উত্তরপাড়ায় দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
গত সোমবার বিকেলে জগতপুর ইউনিয়নের মাছিমপুর জয়নুল আবেদীন মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহত মেহেদী হাসান ইমন অভিযোগ করেন, একই গ্রামের এক স্বজনের মৃত্যুর পর জানাজায় অংশ নিতে গেলে প্রতিপক্ষের লোকজন তার মা মুক্তা, দাদি ও তার ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় প্রায় ১২টি সেলাই দিতে হয়েছে বলে জানান।
মুক্তা অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষের অত্যাচারের কারণে আমরা বাড়িতে যেতে পারি না। নির্বাচনের সময় বাড়িতে গেলে আমার ছেলে মেহেদী হাসান ইমনকে একা পেয়ে মারধর করা হয়। তারা আমাদের হত্যার হুমকিও দিয়েছে। সর্বশেষ মাছিমপুর জয়নুল আবেদীন মার্কেট এলাকায় আমার ছেলের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। আমি উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করা হয়।”
তিনি আরও অভিযোগ করেন, সংঘর্ষের সময় তার দাদির কান থেকে স্বর্ণালঙ্কার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তিনি হেলাল সরকার, তার স্ত্রী হাজেরা খাতুন আক্তার, ছেলে আশিকুর রহমান ও শালিকা সালমা আক্তারসহ কয়েকজনের বিরুদ্ধে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে অভিযুক্ত হেলাল সরকার দাবি করেন, তিনি মুক্তার কাছ থেকে ২৫ লাখ টাকায় জমি কিনেছেন। এর মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে এবং বাকি টাকার জামানত হিসেবে স্বর্ণ রাখা হয়। পরে এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে মুক্তা, তার স্বামী মিজান ও ছেলে মেহেদীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ও তার ছেলে আহত হয়েছেন বলেও দাবি করেন।
তিতাস থানা পুলিশ জানায়, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।