কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এক বিধবা নারীর ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার আপন ভাইয়ের বিরুদ্ধে। ভুক্তভোগী হাসনা বেগম (বিধবা) ওই গ্রামের মৃত জাকির হোসেনের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মৃত্যুর পর থেকে হাসনা বেগম একাই বসবাস করে আসছেন। তার সন্তানরা প্রবাসে থাকায় তিনি অনেকটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি দাবি করেন, নিজের কিডনি বিক্রি করে অর্জিত অর্থ দিয়ে তিনি বসতভিটা ক্রয় করেছেন। তবে তার ভাই দুলাল হোসেন দীর্ঘদিন ধরে ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, শনিবার রাত প্রায় ৯টার দিকে দুলাল হোসেন ও তার মেয়ে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালান। পরিস্থিতি বেগতিক দেখে তিনি ঘরের ভেতরে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং টিনের বেড়ায় আঘাত করে তাকে বাইরে বের হওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় তিনি প্রাণনাশের আশঙ্কা করেন বলে জানান।
এ ঘটনায় হাসনা বেগম তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, অভিযুক্ত দুলাল হোসেনের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, ভাই-বোনের মধ্যে কথাকাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটেছে, তবে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে। তিনি এ নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।