ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে ঢাকার ধামরাই সদর ইউনিয়ন শরীফবাগ এলাকার কিছু মুসল্লী। সকাল থেকেই এলাকাটিতে ঈদের আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর ই প্রথম শরীফবাগ এলাকার কিছু মুসল্লী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মুসল্লিদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সে হিসাব অনুযায়ী ধর্মীয় আচার পালন করা বৈধ। এ কারণে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। ঈদের জামাতে অংশ নেওয়া কয়েকজন জানান, শান্তিপূর্ণ পরিবেশেই তারা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছেন।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
দেশের বিভিন্ন জেলার মতো ধামরাইয়েও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।