ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ইউনিয়নের কুমিরমারা আবাসনের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘Human Appeal’-এর সহযোগিতায় এই ফুড প্যাক বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মাসুদ সাঈদী এমপি।
মঙ্গলবার (২৭ মে ২০২৬) বেকুটিয়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কুমিরমারা আবাসনের প্রতিটি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত ফুড প্যাকে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, বর্তমান সময়ে নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার কষ্টে দিন পার করছে। এমন সহায়তা ঈদের আগে তাদের জন্য স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।