শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় ও কর্মঠ সচিব মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে নিয়ে এমন মনগড়া ও ভিত্তিহীন প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মোঃ আফজাল হোসেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদে যোগদানের পর থেকেই সাধারণ মানুষের দাফতরিক সেবা প্রাপ্তি অত্যন্ত সহজ ও গতিশীল হয়েছে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদসহ যেকোনো প্রয়োজনীয় সেবার জন্য পরিষদে আসা সাধারণ মানুষের সাথে তিনি সবসময় অত্যন্ত নম্র ও চমৎকার আচরণ করেন হয়রানি ছাড়াই সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সময়মতো পেয়ে যাচ্ছেন, যা বিগত যেকোনো সময়ের চেয়ে প্রশংসনীয়।
এলাকাবাসীর দাবি, মোঃ আফজাল হোসেনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং ব্যক্তিগত ফায়দা লুটতে ব্যর্থ হয়ে কিছু নামধারী অনলাইন আইডি ও কথিত ভুঁইফোঁড় সাংবাদিক তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে বাস্তবে তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা বা কোনো ধরনের অনিয়মের সুনির্দিষ্ট কোনো প্রমাণ আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি।
ইউনিয়নের কয়েকজন প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, খারাপ লোককে খারাপ বলা যায়, কিন্তু আফজাল হোসেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ ইউনিয়ন পরিষদে গেলে তিনি যেভাবে মানুষকে আপন করে নেন এবং যেকোনো কাজে সহযোগিতা করেন, তা সত্যিই বিরল। একজন ভালো মানুষকে নিয়ে এভাবে নোংরা অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।
সমাজসেবামূলক ও দায়িত্বশীল কাজের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই কর্মকর্তার সম্মানহানির চেষ্টার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এলাকার সচেতন মহল ও সাধারণ জনগণ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সরকারি কর্মকর্তার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিত করে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।