আলী আহসান রবি :
ঢাকা, ২০ জুন ২০২৬ (শনিবার):
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্তকরণের লক্ষ্যে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ২০ জুন ২০২৬ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম (১৭৯৯৯)-এর নেতৃত্বে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান ও জরিমানা:
১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাইন্স ল্যাবরেটরীর বিপরীতে হাউজ নাম্বার-১, রোড নাম্বার-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা হতে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় ৩টি মামলার মাধ্যমে নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
হাতিরপুলে সচেতনতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান:
এদিকে অঞ্চল-১ এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণকল্পে আজ বেলা ১১:০০ টা থেকে বিকেল আনুমানিক ৩:০০ টা পর্যন্ত অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার/দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২,২০০/- (বাইশ হাজার দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজকের অভিযানে পৃথক স্থানে মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫,২০০/- (পঁচিশ হাজার দুইশত) টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে পরিচালিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।