মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মো. অলি মিয়া (৫৫), তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
৫ জুন ২০২৬ ইং (শুক্রবার) সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে, উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক প্রয়োজনে অলি মিয়া বিশ্বরোড মোড় থেকে সিএনজি যোগে মাধবপুরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাড়িউড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির সরাসরি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার আঘাতে সিএনজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অলি মিয়া ঘটনাস্থলেই মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জ’ড়িত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।