কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস থানার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে অতিরিক্ত দুটি যানবাহন প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পাঠানো এক ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠিতে তিনি উল্লেখ করেন, তিতাস থানা একটি গুরুত্বপূর্ণ ও বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত। এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও সড়ক নেটওয়ার্ক দিন দিন সম্প্রসারিত হওয়ায় থানার ওপর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের চাপও বৃদ্ধি পাচ্ছে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তিতাস থানায় মাত্র একটি গাড়ি রয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারের কারণে প্রায় অচল হয়ে পড়েছে। ফলে থানার সার্বিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় থানার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে অতিরিক্ত দুটি গাড়ি সরবরাহের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এদিকে জাতীয় সংসদের পূর্ববর্তী অধিবেশনেও তিতাস উপজেলার উন্নয়ন প্রসঙ্গে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সংসদে তিনি তিতাস উপজেলাকে পৌরসভায় উন্নীত করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জগতপুর, সাতানী, মজিদপুর, কড়িকান্দি, জিয়ারকান্দি ও বলরামপুর ইউনিয়নের অংশবিশেষ নিয়ে একটি পৌরসভা গঠনের দাবি স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বলে তিনি সংসদে তুলে ধরেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তিতাস থানার জন্য অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি জনগণও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকার বাসিন্দারা।