নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে এক দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জাহিদ (৩০) নামের এক ইন্টারনেট ব্যবসায়ীকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে জাহিদসহ তার বোন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (সন্ধ্যা ৭ টার দিকে ২৮ এপ্রিল) ঘোষবাগ এলাকায় ইন্টারনেট সংযোগ ও ব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একদল সশস্ত্র সন্ত্রাসী জাহিদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা অতর্কিতে এসে তাকে লক্ষ্য করে একে একে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এসময় গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকার ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ অর্থাৎ ‘লাইন দখল’ নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সাথে এই বিরোধ চলছিল।
এবিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত করতে এলাকায় অভিযান শুরু হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমন গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।