তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ :
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ১৬ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, শিশুটির বাবা মিরাজ হোসেন দুপুরের পর ইজিবাইক চালিয়ে বাড়িতে এসে সেটি রেখে খাবার খেতে যান। এ সময় তার ১৬ মাস বয়সী কন্যা তানহা অন্য শিশুদের সঙ্গে ইজিবাইকের ভেতরে খেলছিল।
খেলতে গিয়ে অসাবধানতাবশত ইজিবাইকের সুইচ অন হয়ে গেলে ইজিবাইকটি চলতে শুরু করে। এতে তানহা ইজিবাইক থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।