আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৯টায় সিরাজগঞ্জ পৌর শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ, পরিবেশবিষয়ক কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর সভাপতি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন এবং বনভূমি ধ্বংসের কারণে আজ প্রকৃতি ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে। বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো প্লাস্টিক দূষণ ও জলবায়ু পরিবর্তন। আমাদের চারপাশের উর্বর কৃষিজমি ও জলাধারে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য জমে প্রতিবেশের ভারসাম্য নষ্ট করছে। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করাও সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ সিরাজগঞ্জের কৃতি সন্তান মাহবুব পলাশ, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, গ্রুপ থিয়েটার সংগঠন প্রসূন থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল এবং সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুসুম রেওয়াজ তুহিন।
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশ বলেন, “নদী, বিল ও বৃক্ষ একে অপরের পরিপূরক। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, জলাভূমি ও বৃক্ষকে একসঙ্গে সংরক্ষণ করতে হবে। প্রকৃতি রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রাণের খোঁজে বিশ্বময়’-এর সদস্য ও স্কাউটার সৈকত হোসেন।
অনুষ্ঠানে প্রায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।