বিশেষ প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর (বুধবার), বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিসে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত তাকাফুল গ্রাহক মরহুম মোঃ আব্দুর রাজ্জাক-এর অকাল মৃত্যুতে তাঁর পরিবারের নিকট মৃত্যুদাবি বাবদ ৳১,০৪,৬৫৫ (এক লাখ চার হাজার ছয়শত পঞ্চান্ন) টাকার চেক হস্তান্তর করা হয়। চেকটি প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ভূইয়া, উপ-প্রকল্প প্রধান মোঃ হৃদয়, পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিস ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মোঃ আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ০৭ জুলাই ২০২৫ তারিখে স্ট্রোকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোঃ আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে পরিবার একদিকে শোকে মুহ্যমান, অন্যদিকে আর্থিক সংকটেও পড়েছিল। এমন সময়ে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এগিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করায় পরিবার কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির সিইও এম. এম. মনিরুল আলম বলেন, প্রতিটি মানুষের জন্য বীমা কাভারেজ অত্যন্ত জরুরি। হঠাৎ মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত বিপর্যয় যে কোনো সময়ই আসতে পারে। একটি বীমা চুক্তি আপনার পরিবারের জন্য হতে পারে আর্থিক নিরাপত্তার ছায়া। জীবনের অনিশ্চিত যাত্রাপথে পরিবারের পাশে দাঁড়াতে বীমা কাভারেজ একটি অনন্য মাধ্যম।
তিনি আরও বলেন, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; বরং এটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এক নির্ভরযোগ্য সঙ্গী। কোম্পানির মূল লক্ষ্য হলো ইসলামী তাকাফুল নীতিমালার আলোকে গ্রাহকদের সেবা প্রদান করা এবং প্রয়োজনে তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
বক্তারা বলেন, সমাজে এখনও অনেকেই বীমাকে অপ্রয়োজনীয় মনে করেন। কিন্তু বাস্তবতা হলো—বীমা একটি পরিবারকে অকাল মৃত্যুর পর সুরক্ষা দেয়, সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করে এবং প্রিয়জন হারানোর বেদনার মধ্যেও আর্থিক সহায়তা এনে দেয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে চেক গ্রহণ করে আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তবে বেঙ্গল ইসলামি লাইফের এই আর্থিক সহায়তা আমাদের নতুন করে বাঁচার সাহস দিয়েছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।”
শেষে উপস্থিত সকলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, কোম্পানি সবসময় গ্রাহকদের পাশে থেকে তাঁদের জন্য ন্যায্য দাবির অর্থ দ্রুত নিষ্পত্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে তারা আন্তরিকভাবে কাজ করবে।