আলী আহসান রবি :
রবিবার, ২৮ জুন ২০২৬
অদ্য ২৮ জুন ২০২৬ তারিখ রোজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। তিনি সকাল ৯.০৫ ঘটিকায় অত্র অফিসে উপস্থিত হয়ে বিস্ময়ের সঙ্গে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। বর্ণিত সময়ে অফিসের ঝাড়ুদার উপস্থিত ছিল এবং তার মাধ্যমে সিনিয়র সচিব অফিসে প্রবেশ করেন। সহকারী কমিশনার (ভূমি) সকাল ৯:১৯ মিনিটে অফিসে উপস্থিত হয়ে নানা অজুহাতের অবতারণা করেন। এছাড়া, কানুনগো জনাব মোহাম্মদ খলিলুর রহমান সকাল ৯:২৪ মিনিটে অফিসে উপস্থিত হন। ৯:৩৫ মিনিটে সিনিয়র সচিব অফিস ত্যাগ করার সময় একজন অফিস সহায়ক-কে দেখতে পান। এছাড়া অন্য কোন কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হয়নি।
বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসক, নরসিংদীকে অবহিত করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক, নরসিংদী কর্তৃক উক্ত অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও কানুনগোসহ আরও ০৬ (ছয়) জন কর্মচারী যথাক্রমে হিটলু চন্দ্র বাউল, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা, মো: সাহিদুজ্জামান মৃধা, নাজির কাম ক্যাশিয়ার, মো: হানিফা ভূইয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মো: মজিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মো: মহসিন মিয়া, অফিস সহায়ক, মো: মোবারক হোসেন, চেইনম্যান কে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ মোতাবেক কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হবে না তা পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়।