কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে জগত পুর ইউনিয়ন কেশব পুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই মানিক মিয়াকে (৪২) কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছোট ভাই রাজিব মিয়াকে ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর বিলের একটি ঝোপঝাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব মিয়া উপজেলার কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং নিহতের আপন ছোট ভাই।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, বাড়িতে টিউবওয়েল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রাজিব উত্তেজিত হয়ে বড় ভাই মানিক মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা কোদাল দিয়ে তার গলার বাম পাশে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে মানিক মিয়া রক্তাক্ত ও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ঝটিকা অভিযান: হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত রাজিব এলাকা থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় একটি বিলের ঝোপঝাড়ে আত্মগোপন করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে কেশবপুর বিলের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ঘাতক রাজিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।