কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটি এলাকার সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটে। সেই উপলব্ধিকে আরও সুদৃঢ় করতে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈয়ারপার জামে মসজিদের উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের নির্বাচনী এলাকাভিত্তিক দ্বিতীয় পর্যায়ের প্রকল্প হিসেবে মসজিদটির উন্নয়নের জন্য ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এই উন্নয়ন কার্যক্রম কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিশেষ উদ্যোগ ও বরাদ্দের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির সভাপতির দায়িত্ব পালন করছেন স্থানীয় সমাজসেবক মো. মহসিন মিয়া।
স্থানীয়দের বিশ্বাস, এই সংস্কারকাজ সম্পন্ন হলে মসজিদের সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ আরও সমৃদ্ধ হবে। এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, পবিত্র এই মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জগতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মহসিন এবং কৈয়ারপার গ্রামের সর্বস্তরের মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমপি সেলিম ভূঁইয়ার এমন জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতায় তিতাস-হোমনার ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।