কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার দড়িমাছিমপুর উত্তরপাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে একের পর সংঘর্ষের ঘটনা ঘটেই চলছে। বিভিন্ন সময়ের ঘটনায় আহত হয়েছেন দারোগ আলীর স্ত্রী জোহরা খাতুন, তোফাজ্জল হোসেনের আড়াই বছরের পুত্র তোফায়েল। গত কয়েক দিন আগের ঝগড়ায় আহত হয়েছেন মনির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার ও ওসমান গণির স্ত্রী রিমা আক্তারসহ আরও কয়েকজন।
ঘটনার সূত্রপাত একটি জমি কেনাকে কেন্দ্র করে। এবিষয়ে দারোগা আলীর ছেলে তোফাজ্জল হোসেন বলেন, আমরা কেউ বাড়িতে থাকি না। বলতে গেলে পুরুষ শূন্য। এই সুযোগে মনির হোসেন ও তার দুই ছেলে, কন্যা রোজিনা আমার মা, ছেলে তোফায়েল, আমার স্ত্রী ও আমার ভাবি রিমাকে মেরে আহত করে। বাড়িতে গিয়ে হামলা করে। ঘরে ভাংচুর চালায়। আর হুমকি দেয় আমরা যেন বাড়ি ঘর বিক্রি করে চলে যাই।
আমরা কেউ বাড়িতে আসলে সব ঠান্ডা থাকে। আমি বিদেশ থেকে বাড়িতে আসার আগে তারা সবাই মিলে আমার মাকে বেধড়ক মারধর করে মাথা ফাটাই দিছে। আমার অবুঝ বাচ্চাকেও মেরে আহত করেছে। এবিষয়ে তিতাস থানায় একটি অভিযোগও হয়েছিল। পরে এলাকাবাসি বিষয়টি মিমাংসা করে দেন।
জানা যায়, গত কয়েক দিন আগে আরও একটি ঘটনা ঘটে। এবিষয়ে প্রতিপক্ষ মনির হোসেন বলেন,আমার ঘরের ওয়াইফাইয়ের তারে দারোগ আলীর লোকজন কাপড় শুকাতে গেলে আমার মেয়ে রুজিনা এতে বাধা দেন। এ সময় দারোগ আলির স্ত্রী তাকে গালিগালাজ করেন। পরে দারোগ আলির ছেলে তোফাজ্জল এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি ইট দিয়ে আঘাত করলে রুজিনা আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
বিষয়টি নিয়ে তিতাস থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে পরিবারটি জানিয়েছে।