কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
“বর্তমান দেশে মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই এর সমাধান। পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশবপুর, ওমরপুর ও ডাবুরবাঙ্গা গ্রামের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বিন মতিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি একজন মানুষের বিবেক, নৈতিকতা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত শুধু নিজের জীবনই নয়, তার পরিবার ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে তারা মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকাসক্তদের পুনর্বাসনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মানিক, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সরকারি কর্মকর্তা নজরুল ইসলাম খোকা এবং তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সামির হোসেন মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানাউল্লাহ।
এ সময় আরও বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশেদ আলম, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ব্যবসায়ী নাছির উদ্দীন মুন্সী, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জাকির হোসেন, আবুল কাশেম, সাকিল আহাম্মেদ, রাফি উদ্দিন, বিমানী, পারভেজ হোসেন, মহিদ্দিন রঞ্জু, ইউসুফ জামির ও ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা বর্তমানে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবার ধ্বংস হচ্ছে, বাড়ছে অপরাধ ও সহিংসতা। সম্প্রতি মাদকের প্রভাবে ছেলের হাতে মা নিহত হওয়া এবং মাদকাসক্ত ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাগুলো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে।
তারা বলেন, “আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দিতে চাই না। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, তরুণ সমাজ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি কেশবপুর, ওমরপুর ও ডাবুরবাঙ্গাসহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।