কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় এক অষ্টম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে অবস্থিত বেগম ফজিলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেইটের ভিতরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় যুবক তার ওপর এসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে শিক্ষার্থীর স্কুল ড্রেসের একটি অংশ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পরিবার ও স্থানীয়রা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অনেকেই তাদের পোস্টে উল্লেখ করেন, বর্তমানে কিছু অসামাজিক যুবকের বেপরোয়া চলাফেরা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আড্ডা, ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তারা মত প্রকাশ করেন।
সচেতন মহল কয়েকটি দাবি তুলে ধরেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিক্ষা প্রতিষ্ঠানের গেটের সামনে বহিরাগতদের আড্ডা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে অধিক নজরদারি করা এবং মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।
স্থানীয়দের ভাষ্য, শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।