মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ মাঠে সম্প্রতি এক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘ইউএনও একাদশ’ ও ‘শিক্ষক একাদশ’। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় ৩-০ গোলে শিক্ষক একাদশকে পরাজিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন একাদশ।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত দাপট দেখায় ইউএনও একাদশ। পুরো ম্যাচে প্রতিপক্ষ শিক্ষক একাদশের জালে তিনবার বল জড়িয়ে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।
খেলা শেষে ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন, “আমাদের নিয়মিত কাজের চাপে আমরা অনেক সময় বিনোদন বা শারীরিক অনুশীলনের জন্য সময় বের করতে পারি না। এই ধরনের প্রীতি ম্যাচগুলো আমাদের মেন্টাল রিফ্রেশমেন্ট ও শারীরিক সচলতা বজায় রাখতে সাহায্য করে। সামনে আমরা বড় পরিসরে খেলার আয়োজন করার পরিকল্পনা করছি, যাতে করে আমাদের দেখেও মনে হয় আমরাও খেলোয়াড়।”

তিনি আরও জানান, খেলার মাঠের পরিবেশ ও আবহাওয়ার ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে। সুযোগ থাকলে ফুটবল ছাড়াও ক্রিকেট ম্যাচের আয়োজন করার আগ্রহের কথাও জানান তিনি।
উল্লেখ্য যে, ইউএনও একাদশের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন প্রদীপ্ত রায় দীপন এবং শিক্ষক একাদশের নেতৃত্ব দেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল হক টিটু। উপজেলা পরিষদ মাঠের এই ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।