নিজস্ব প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল বিভাগভুক্ত বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন আনুষ্ঠানিকভাবে এ দুই জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ মনজুর হোসেন বলেন, শক্তিশালী, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি জেলা কমিটিকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক বিকাশে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটিগুলোও সেই ধারাবাহিকতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম আর প্রিন্স, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো. মামুন-অর-রশিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব মো. রাব্বী মোল্লা, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মো. হাসান মামুন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে জাতীয় সাংবাদিক সংস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নবঅনুমোদিত বরিশাল ও পিরোজপুর জেলা কমিটি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করবে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবঅনুমোদিত দুই জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।