ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার পশ্চিম বাদুরগাছা এলাকায় সরকারি খাল হিসেবে পরিচিত ছোট কৈয়া নদী দখল করে পশ্চিম বাদুরগাছা বায়তুল মামুর জামে মসজিদের নামে মাছ চাষ করার অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি ও মসজিদ কমিটির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন এলাকাবাসীর একাংশ।
অভিযোগে বলা হয়েছে, মসজিদ কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে খালটি ইজারা নেওয়ার আবেদন করা হলেও বর্তমান পরিস্থিতিতে সরকারি খাল ইজারা বা বরাদ্দ দেওয়া বন্ধ রয়েছে বলে মৌখিকভাবে জানানো হয়। এরপরও সংশ্লিষ্টরা খালে মাছের পোনা অবমুক্ত করে মসজিদের নামে একটি সাইনবোর্ড স্থাপন করে মাছ চাষ শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ছোট কৈয়া নদীর নামে কোনো সরকারি ইজারা বা বৈধ বরাদ্দ নেই। তবুও মসজিদের উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সেখানে মাছ চাষ পরিচালনা করা হচ্ছে। তাদের অভিযোগ, এটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত একটি মৎস্য খামার।
এলাকার কয়েকজন সচেতন নাগরিক বলেন, সরকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকে। সে ক্ষেত্রে সরকারি খাল দখল করে মসজিদের নামে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা আইনসঙ্গত নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
তবে এ বিষয়ে পশ্চিম বাদুরগাছা বায়তুল মামুর জামে মসজিদ কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে উপজেলা প্রশাসন থানা নির্বাহী অফিসার তিনি মুঠোফোনে জানান খালটি পশ্চিম বাদুরগাছা বায়তুল মামুর জামে মসজিদের নামে কোন বরাদ্দ দেওয়া হয় নাই ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে সরকারি খাল দখল, ইজারা এবং মাছ চাষের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।