কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের গাজীপুর টু জগতপুর বাজার হয়ে ভুঁইয়ার বাজার সড়কটির একটি অংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সড়কের মাঝখানে বড় ধরনের গর্ত তৈরি হওয়ায় বর্তমানে এই রুটে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতর দিয়ে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায়, গৃহস্থালির পানি রাস্তার নিচ দিয়ে সরাসরি পাশের পুকুরে গিয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এভাবে পানি চুইয়ে পড়ার কারণে রাস্তার নিচের মাটি সরে গিয়ে এই বিশাল ধস বা পাড় ভাঙনের সৃষ্টি হয়েছে।
বর্তমানে এই ভাঙনের কারণে রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, নসিমন বা অন্য কোনো বড় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বর্তমানে কোনোমতে কেবল একটি সিএনজি চালিত অটোরিকশা পার হতে পারছে। স্থানীয়দের আশঙ্কা, আজ যদি কোনো কারণে বৃষ্টি নামে, তবে রাস্তাটি ধসে সিএনজি চলাচলের পথটুকুও বন্ধ হয়ে যাবে এবং পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। বর্তমান পরিস্থিতিতে দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় সড়কটি পুকুরে বিলীন হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায়, জনস্বার্থে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তিতাস উপজেলা প্রশাসন ও জগতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।