কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস থানাধীন সাহাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরো/ধের জেরে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন (৬৩) এবং তাঁর পরিবারের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১২ জুন দুপুরে সাহাপুর গ্রামের মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় বিএনপি নেতা জসিম উদ্দিন, তাঁর স্ত্রী সেলোয়ার বেগম এবং ছেলে জহিরুল ইসলাম বাইজিদ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণ:
থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাপুর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা ও বিএনপি নেতা জসিম উদ্দিনের সাথে বিবাদী সালমান (৩৩), মনিরা বেগম (৫০) ও তাছলিমা (৩০) দের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিবাদীরা লোহার রড, পাইপ, ছেনি, রামদা ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক সীমানায় বেড়া নির্মাণ করতে যান। এতে জসিম উদ্দিন বাধা দিলে হামলাকারীরা দলবদ্ধভাবে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
নৃশংস হামলা ও লুটপাটের অভিযোগ:
ভুক্তভোগী বিএনপি নেতা জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করা হলে তাঁর বাম কান কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাঁর ছেলে জহিরুল ইসলাম বাইজিদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা তাঁর মাথায় একাধিক সেলাই দিয়েছেন।
বাধা দিতে গেলে জসিম উদ্দিনের স্ত্রীর ওপরও চড়াও হয় হামলাকারীরা এবং তাঁর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইনি পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি:
আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে ভুক্তভোগী পরিবারটি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাহাপুর গ্রামে একজন প্রবীণ রাজনৈতিক কর্মী ও তাঁর পরিবারের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।