কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (মেগা সিজন-৯)-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি মধ্য পাড়া গ্রামবাসীর আয়োজনে শাহবৃদ্ধি মধ্য পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি, আর খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
৮০ মিনিটের রুদ্ধশ্বাস এ ফাইনালে মুখোমুখি হয় শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল ক্লাব ও শাহবৃদ্ধি মধ্য পাড়া ইয়াং স্টার একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দর্শকদের। একের পর এক পাল্টাপাল্টি আক্রমণ, দৃষ্টিনন্দন পাসিং আর গোলের বন্যায় জমে ওঠে ম্যাচ। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে চার-চার গোলে সমতা বিরাজ করলে খেলার ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত স্নায়ুচাপের লড়াইয়ে শাহবৃদ্ধি মধ্য পাড়া ইয়াং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল ক্লাব একাদশ।
আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কুদ্দুস সরকার। বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। খেলাধুলা তরুণদের সুস্থ রাখে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো। এলাকার সামাজিক উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে আমি অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”
খেলা শেষে এলাকাবাসীর পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী আবদুল কুদ্দুস সরকারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মোস্তাক আহমেদ ভূইয়া, মো. আবুল কাসেম বাবুল ভূইয়া, মো. আজহার মেম্বার, নাছির উদ্দীন ভূইয়া মানিক, মো. এমদাদ আহমেদ ভূইয়া, মো. রহিম মেম্বার, মো. শাহজাহান ভূইয়া, মো. রেজাউল ভূইয়া, মো. আকিল আহমেদ সরকার, মো. হেলাল কোরিয়া, মো. হেলাল ভূইয়া, মো. ফজর আলী ও দর্পন মিয়া প্রমুখ।
খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মো. সজিব ভূইয়া, মো. ইসলাম ভূইয়া, মো. অপু ভূইয়া ও মো. শেখ ফরিদ। তাদের দক্ষ পরিচালনায় পুরো টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এদিকে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন কুমিল্লার ঐতিহ্যবাহী ধারাভাষ্যকার মো. মনির হোসেন মাস্টার। তার প্রাণবন্ত ও আবেগঘন ধারাভাষ্য খেলাটিকে এনে দেয় ভিন্ন মাত্রা।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার (ট্রফি) তুলে দেন খেলা পরিচালনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস সরকার ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ। বিজয়ী দলের উচ্ছ্বাস আর দর্শকদের আনন্দধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের কাছে।