কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর-কাকিয়াখালী ব্রিজের গোড়ায় দীর্ঘ তিন বছর ধরে সৃষ্টি হওয়া একটি বিশাল গর্ত স্থানীয় জনসাধারণের জন্য ভয়াবহ দুর্ভোগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা কিংবা ভারী বৃষ্টিপাত হলেই গর্তটি আরও বড় আকার ধারণ করে এবং সড়কের একটি অংশ ধসে পড়ে, ফলে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও স্থায়ী কোনো সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে প্রতিটি বর্ষা মৌসুমেই ব্রিজ সংলগ্ন এই অংশটি একটি ‘মরণফাঁদে’ পরিণত হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকার বাসিন্দারা জানান, বিপজ্জনক অবস্থার কারণে অনেকেই এখন এই সড়ক ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। বাধ্য হয়ে যাত্রী ও যানবাহনগুলোকে বিকল্প পথ ধরে জগতপুর হয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে অতিরিক্ত যাতায়াত ব্যয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী সাধারণ মানুষ।
সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিতাস উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ স্থানটি সংস্কার করা হবে এবং জনসাধারণের স্বাভাবিক যাতায়াতের পথ নিরাপদ করা হবে।