কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জের সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট মরহুম মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন (চট্টগ্রাম বিভাগ)-এর সাবেক জেনারেল ম্যানেজার মরহুম আলহাজ শামস উদ্দিন আহমেদের দৌহিত্র। তিনি প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডা. রাওনাক আহমেদের কনিষ্ঠ পুত্র।
আইন পেশায় তাঁর মেধা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে এ নিয়োগকে তিতাসবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। তাঁর এ অর্জনে জগতপুর ইউনিয়নসহ তিতাস উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাককে এ গৌরবময় অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসী। তাঁরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শুভকামনা জানান।