কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় দেয়াল ধসে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জাহেদ আহমেদ জানান, সোমবার বিদ্যালয় ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথিমধ্যে রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ার একটি বাড়ির দেয়াল অতি বৃষ্টির কারণে হঠাৎ ধসে পড়ে। এ সময় দেয়াল চাপা পড়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত তিন শিক্ষার্থীর হলো নিলীমা রোল-২৭, শাখা-মেঘনা, গ্রাম- চারকুরিয়া, পিতা- নজরুল ইসলাম, তানিশা রোল-৩৭, শাখা-পদ্মা, গ্রাম- চারকুরিয়া, ইরসানা: রোল-৪৭, শাখা-পদ্মা, গ্রাম- শ্রীনগর।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বর্তমানে আহত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে অভিভাবক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।