কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সম্প্রতি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।
সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া জানতে চান, কুমিল্লা-২ নির্বাচনী এলাকার তিতাস উপজেলায় বর্তমানে কোনো খাদ্য গুদাম নেই। ফলে রবি মৌসুমে উৎপাদিত বিভিন্ন ফসল সংরক্ষণে সমস্যা দেখা দেয়। তিনি তিতাসে খাদ্য গুদাম নির্মাণের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা কখন বাস্তবায়ন হতে পারে— সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তিতাস উপজেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। খাদ্য অধিদপ্তরের প্রস্তাবিত “নবসৃষ্ট উপজেলাসমূহে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় কুমিল্লার তিতাস উপজেলায় ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি খাদ্য গুদাম নির্মাণ করা হবে।
সরকারি জবাবে আরও উল্লেখ করা হয়, প্রকল্পটি বর্তমানে অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।
স্থানীয় কৃষক ও সচেতন মহল মনে করছেন, তিতাসে খাদ্য গুদাম নির্মিত হলে কৃষকদের উৎপাদিত ধান-চালসহ বিভিন্ন কৃষিপণ্য সংরক্ষণে সুবিধা হবে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও আরও গতিশীল হবে। এতে এলাকার কৃষি অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রেও উপকৃত হবেন।