মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা তিতাস :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগ।
গতকাল শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় তিতাস
উপজেলার কড়িকান্দি বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তিতাস উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. শাহাবুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
তিনি বলেন, “মাদক বর্তমান সমাজের অন্যতম ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মদ ও জুয়ার মাধ্যমে সমাজে শত্রুতা, বিদ্বেষ এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই মাদক প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।”
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সি, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেনসহ
উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে মাদক ও জুয়ামুক্ত একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।