মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৪ জুন ২০২৬ তারিখে উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম। সভায় ক্যাম্পেইন বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে প্রধান অতিথি ইউএনও জনাব মোঃ সাইফুল ইসলাম জানান, সরাইল উপজেলা জুড়ে মোট ২১৭টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিতরণ করা হবে। তিনি ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত জরুরি। এই ক্যাপসুল নিয়মিত সেবনে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ হয়, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে, শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে আসে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টিসেবার আওতায় পরিচালিত এই ক্যাম্পেইনে শিশুদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নির্দেশনা রয়েছে। পাশাপাশি সভায় জানানো হয়, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হওয়ার পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর ও সুষম খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ বাইতুল ইসলাম (আইসিটি) ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আলী আজম রাজীব, ইপিআই ইন্সপেক্টর আল আমিন প্রমুখ
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ আলী মাস্টার, সরাইল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুক আহমেদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ শরিফ উদ্দিন প্রমুখ।
স্বাস্থ্যসম্মত উপায়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।