কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলা কৃষি সন্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণ। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, খেচুর, পেঁপে, লটকন, জাম্বুরা, আনারস, ডেউয়া ও টরফইসহ দেশীয় মৌসুমি ফলের সুগন্ধে মুখর হয়ে উঠেছে সেই সঙ্গে স্থান পেয়েছে বিলুপ্তপ্রায় দেশীয় ফল ও আধুনিক উচ্চ ফলনশীল বিদেশি জাতের ফল। ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনসচেতনতা সৃষ্টি এবং হারিয়ে যেতে বসা দেশীয় ফলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে তিতাসে শুরু হয়েছে ফল মেলা-২০২৬।
এবছর “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিতাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মহিলা বিষয়ক সম্পাদক রেহানা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
মেলায় শুধু ফল প্রদর্শনীই নয়, মেলায় আধুনিক ফল চাষাবাদের প্রযুক্তি, উচ্চ ফলনশীল ফলের চারা, রোগবালাই দমন, পরিচর্যার কৌশল এবং ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিও তুলে ধরা হচ্ছে। কৃষি কর্মকর্তারা আগ্রহী কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং বাণিজ্যিক ফল চাষে উদ্বুদ্ধ করছেন।