মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ শুরু হয়েছে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় করিয়ে দেওয়া এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কৃষি অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীরের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জি এম বদরুল হাসান এবং বাংলাদেশ কৃষি ফার্মা এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান এলবি লিটন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকলেছুর রহমান লাড্ডু সহ
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীবৃন্দ এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সফল চিত্র তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর মধ্যে রয়েছে—বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপী সবজি, ফল ও মসলা চাষ, নিরাপদ ফসল উৎপাদন পদ্ধতি, ব্যয় সাশ্রয়ী সেচ প্রযুক্তি, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, উচ্চমূল্যের ফল ও সবজি প্রদর্শন, কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ। র্যালি ও উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, ৯ জুন শুরু হওয়া এই মেলা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। তিনি বলেন, কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে, যা স্থানীয় কৃষিতে নতুন গতির সঞ্চার করবে।