ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুর হাসপাতাল সড়কে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত এবং আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ইসলামপুর হাসপাতাল রুটে চলাচলকারী দুটি ইজিবাইক দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ইজিবাইক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘটনায় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আরও দুইজন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।