কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর ব্রিজে জনসাধারণের চলাচলের পথ অবরুদ্ধ করে ধান শুকানোর অভিযোগ উঠেছে। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী এবং যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সম্প্রতি ভুক্তভোগী এক অটোচালক সিএনজি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে এই ভোগান্তির একটি ছবি পোস্ট করেন। ছবি দেখা যায়, ব্রিজের ওপর নীল রঙের জাল বিছিয়ে পুরো রাস্তা ব্লক করে অবাধে ধান শুকানো হচ্ছে।
স্থানীয় চালক ও যাত্রীদের অভিযোগ, ব্রিজটি এই অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু এভাবে রাস্তা দখল করে রাখায় গাড়ি নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। চালকেরা যাত্রীদের তাদের বাড়িতে বা গন্তব্যে পৌঁছে দিতে পারছেন না।
ভুক্তভোগীদের দাবি, এটি সরকারি রাস্তা এবং জনসাধারণের সম্পদ। এখানে ব্যক্তিগত কাজের জন্য রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। এই জনভোগান্তি নিরসনে এবং ব্রিজটি দ্রুত উন্মুক্ত করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।