আলী আহসান রবি :
ঢাকা, ২৪ মার্চ ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিষয়ক সকল আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষরের ওপর জোর দিয়ে এর সকল রূপের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
২৩ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক বর্ণবৈষম্য নিরসন দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের এক স্মারক সভায় ভাষণ দেওয়ার সময় তিনি বর্ণবাদ নির্মূল, সমতা প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।
রাখাইন ও গাজায় চলমান বর্ণবৈষম্যের কথা তুলে ধরে ড. রহমান জোর দিয়ে বলেন যে, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্যগুলো অর্জনে বিশ্ব সম্প্রদায় এখনও অনেক দূরে।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচার প্রাপ্তির সীমিত সুযোগসহ বিভিন্ন প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন, যা জাতিসংঘের মূল আদর্শকে ক্ষুণ্ণ করে।
সমতা ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. রহমান অন্তর্ভুক্তিমূলকতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে শিক্ষায় অধিক বিনিয়োগ, বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদার করার আহ্বান জানান।