কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনা উপজেলায় অটোরিকশা থামিয়ে স্বামীর কাছ থেকে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একজন নামীয়সহ ৫-৬ অজ্ঞাত আসামী করে হোমনা থানায় মামলা হয়েছে।
জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পার্শ্বে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে।
জানাগেছে, ভুক্তভোগী তার স্বামীকে নিয়ে হোমনা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামী একজন আটোচালক। ঘটনার রাতে তারা ভাড়ায় চালিত একটি অটোরিকশাযোগে বাসা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর উপারচর গ্রামের আক্তার মিয়ার ছেলে মো. আশিকুর রহমান আশিক (২৪) সহ ৫ – ৬ জন সহযোগী নিয়ে অটোরিকশার গতিরোধ করে। তারপর তারা জোরপূর্বক অটোরিকশাসহ ভুক্তভোগী ও তার স্বামীকে উত্তরকান্দি সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দূরে নিয়ে গিয়ে আশিকুর রহমান জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে তাদের ছেড়ে দিলে স্বামীর সহায়তায় ভুক্তভোগী হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে।