কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
তিতাস উপজেলার ডাকবাংলো সংলগ্ন এলাকায় মালদ্বীপ প্রবাসী জাকির মিয়ার নির্মাণাধীন চারতলা আবাসিক ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক নির্মাণ শ্রমিক। আহত যুবকের নাম রানা (২৫), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
জানা যায়, গতকাল (১ জুলাই) ভবনের কাজ করার সময় রানা হঠাৎ পল্লী বিদ্যুতের একটি মূল লাইনে শক খেয়ে পড়ে যান। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির পাশ দিয়ে পল্লী বিদ্যুতের একটি ঝুঁকিপূর্ণ মেইন লাইন অতিক্রম করছে, যা ভবনের একেবারে কাছাকাছি অবস্থিত। এমন অবস্থায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ভবনের নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। রানা ‘চুননু মিয়া’ নামে এক ঠিকাদারের অধীনে কাজ করতেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ভবন মালিক জাকির মিয়া কোনো ধরনের পূর্ব সতর্কতা বা বিদ্যুৎ বিভাগ থেকে অনুমতি না নিয়েই এই ঝুঁকিপূর্ণ এলাকায় ভবন নির্মাণ করছেন। এতে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। স্থানীয়রা দ্রুত প্রশাসন এবং বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।