মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে মাদক সেবন করে মাতলামি করার অপরাধে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা রায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই সাজা দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। সাজাপ্রাপ্ত মানিক মিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের করাতকান্দি এলাকার মনসুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় একজন মাদকসেবী মাদক সেবন করে মাতলামি করছিল। এই সময় সরাইল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় মানিক মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।