শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে বিকাশ ডিস্ট্রিবিউটরের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আল আমিন ও ইউসুফ রায়হান তারা উভয়ই বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান নায়ফা ট্রেড বিডি-এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই কর্মকর্তা অভিনব প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটির ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরবর্তীতে সেই অর্থ নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তারা। বিষয়টি টের পেয়ে ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ দ্রুত আশুলিয়া থানা পুলিশকে অবহিত করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হলেও বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা এখনও উদ্ধার সম্ভব হয়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) জানান, আটক দুই আসামির কাছ থেকে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার হদিস পেতে এবং চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা বের করতে পুলিশ মাঠে কাজ করছে।