মোহাম্মদ আজিম মিঞা, ঢাকা :
প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জনের প্রত্যেককে এককালীন ১৮ হাজার টাকা অনুদান ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
“বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)” প্রকল্পের আওতায় শহর সমাজসেবা কার্যালয়-৫, আজিমপুর, ঢাকার আয়োজনে বুধবার (৯ জুলাই ২০২৬) আজিমপুর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার সহকারী পরিচালক তাসলিমা খাতুন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা কার্যালয়-৫-এর সমাজসেবা অফিসার মো. জহির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ির উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালীউল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়, যশোরের সমাজসেবা অফিসার (রেজি.) মো. আব্দুল কাদের, প্রশিক্ষকবৃন্দ এবং পৌর সমাজকর্মী সোহেল রানা।
আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মমুখী দক্ষতা অর্জন করে স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানের সমাপনীতে ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে ১৮ হাজার টাকা করে এককালীন অনুদান ও সনদপত্র তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।