নিজস্ব প্রতিবেদক, মোঃ রুবেল আহমদ :
৭ জুলাই, ২০২৬
টানা দুই দিনের অবিরাম ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টার একটানা বৃষ্টিতে নগরীর ডিসি রোড, মিয়া বাড়ির মসজিদ ও চকবাজার এলাকাসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি ড্রেনেজ ব্যবস্থা উপচে বসতবাড়ির ভেতরে ঢুকে পড়েছে। নগরীর অলিগলিতে হাঁটুপানি থেকে শুরু করে কোথাও কোথাও কোমর সমান পানি জমেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্তত দেড় শতাধিক পরিবার।
ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি ও খাদ্যসংকট দেখা দিয়েছে।
জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা পড়েছেন চরম বেকায়দায়। ঝুঁকি নিয়ে হাঁটু সমান নোংরা পানির মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
নগরীর ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় পানি নিষ্কাশন হচ্ছে না, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। অথচ দীর্ঘস্থায়ী কোনো সমাধান মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসী।