মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় পাঁচ দিন নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক দিদার আহমেদকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত দিদারের কাছে থাকা দৈনিক এই আমার দেশ পত্রিকার পরিচয়পত্র দেখে পুলিশ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে। পরবর্তীতে পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক এই আমার দেশ ও প্রচার সচিব, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ) ঢাকা অফিস থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং চিকিৎসা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা দিদার স্থানীয় পত্রিকা হোমনার আলো’র স্টাফ রিপোর্টার, এই আমার দেশ পত্রিকার হোমনা প্রতিনিধি এবং হোমনা প্রেসক্লাবের সদস্য। পাশাপাশি পৌর সুপার মার্কেটে তার একটি কসমেটিকস দোকান রয়েছে। ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়ার পথে গত ২২ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) তার মা বিলকিস বেগম হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চিকিৎসাধীন দিদার জানান, ঘটনার দিন সকালে কুমিল্লাগামী বাসে উঠে বাতাকান্দিতে নেমে নাস্তা করেন। এরপর রাস্তার দিকে উঠতেই কী ঘটেছিল তার কিছু মনে নেই। কয়েকদিন পর স্থানীয়রা তাকে জঙ্গলের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। সম্প্রতি একটি আপত্তিকর ঘটনার সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ পক্ষ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে তিনি জানান। ঐ ঘটনার জের ধরেই অপহরণের শিকার হয়েছেন বলে ধারণা পরিবারের।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সাংবাদিক দিদারকে জীবিত উদ্ধার করা আমাদের জন্য স্বস্তির। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
সোমবার সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা হাসপাতাল পরিদর্শন করে দিদারের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কলম কখনোই অপরাধীদের শত্রু নয়। অনুসন্ধানী সাংবাদিকতার ওপর এমন বর্বর আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। দিদারের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এর পুনরাবৃত্তি ঘটবে।
দিদারের পরিবার তাৎক্ষণিক উদ্ধার প্রচেষ্টা, চিকিৎসা সেবা এবং দৈনিক এই আমার দেশ এর নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমদ-এর বিচক্ষণ সমন্বয়ের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। আমরা জোর দাবি জানাচ্ছি—অতিদ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকতার নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রীয় কর্তব্য।