মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে আক্রমন করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপূরে এই ঘটনা ঘটে। পুলিশ আসামী মাসুক মিয়া পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হ্যান্ডকাফ নেয়ার বিষয়টি অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এস.আই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার নুরপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশের উপর আক্রমন করে। একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। এসময় স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েসকে (২৯) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। আসামী পালিয়ে যায়, তবে হ্যান্ডকাফ নেয়নি আসামি।