কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফে ১২ দিনব্যাপী ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট (১লা রবিউল আউয়াল) থেকে ২৬ আগস্ট (১২ই রবিউল আউয়াল) পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফের পীর সাহেব ডা. খাজা শাহ সূফী সাইফুল ইসলাম নকশেবন্দী চিশতী নিজামী এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও সর্বস্তরের জনসাধারণকে মাহফিলে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, দরবার শরীফে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার নিয়মিত মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিত মিলাদ ও মাহফিল শেষে পীর সাহেব ডা. খাজা শাহ সূফী সাইফুল ইসলাম নকশেবন্দী চিশতী নিজামী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত মুসল্লি ও ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ১২ দিনব্যাপী এ মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা ও ইসলামি বক্তারা কুরআন-সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।