কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সুযোগ্য সন্তান মেহেদী হাসান অ্যাপোলো। তাঁর সহায়তায় কুমিল্লার হোমনা উপজেলার এক অসহায় শ্রমজীবী পরিবারের জীবনে ফিরেছে নতুন আশার আলো।
হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. আপন মিয়া দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও অভাব-অনটনের সঙ্গে লড়াই করে আসছিলেন। পরিবারের ভরণপোষণ চালাতে হিমশিম খেতে হলেও নিজের একটি অটোরিকশা কেনার সামর্থ্য ছিল না তাঁর। ফলে জীবিকার স্থায়ী কোনো উপায়ও গড়ে উঠছিল না।
সম্প্রতি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আপন মিয়ার অসহায়ত্বের বিষয়টি জানতে পারেন মেহেদী হাসান অ্যাপোলো। পরে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
শুক্রবার (১৫ মে) সকালে তিনি নতুন একটি অটোরিকশা নিয়ে হাজির হন আপন মিয়ার বাড়িতে। এ সময় তিনি নিজ হাতে অটোরিকশার চাবি তুলে দেন আপন মিয়ার হাতে। শুধু তাই নয়, নতুন অটোরিকশার প্রথম যাত্রী হিসেবেও এতে চড়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অলিউল্লাহ ভুঁইয়া।
অটোরিকশা হস্তান্তরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জীবিকার নতুন অবলম্বন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. আপন মিয়া। তাঁর পরিবারের সদস্যদের মুখেও ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।
স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশা শুধু একটি যানবাহন নয়; এটি একটি অসহায় পরিবারের ঘুরে দাঁড়ানোর নতুন সম্ভাবনা। নিয়মিত আয়ের সুযোগ সৃষ্টি হওয়ায় পরিবারটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।