কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র করিকান্দি বাজার অংশে সৃষ্টি হয়েছে এক ভয়াবহ মরণ ফাঁদ। মহাসড়কের একটি বিশাল অংশে গভীর গর্তের সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতেই তা পুকুরে পরিণত হয়। ফলে এই ব্যস্ততম সড়কে যাতায়াতকারী হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সিএনজি ডুবছে, বাড়ছে যানজট :
সরেজমিনে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাজারের পানি সড়কে জমে থাকছে। পণ্যবাহী ট্রাকগুলো চরম ঝুঁকি নিয়ে চলছে এবং যাত্রীবাহী সিএনজিগুলো গর্তে পড়ে প্রায় অর্ধেকটা ডুবে যাচ্ছে। আজ সকালেও সিএনজি উল্টে বেশ কয়েকজন যাত্রী নাজেহাল হয়েছেন। বড় বড় গর্তের কারণে চালকরা গাড়ি অত্যন্ত ধীরগতিতে চালানোয় বিশেষ করে সকালবেলা এই বাজারে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা :
আসন্ন কুরবানীর ঈদের আগে সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী মোঃ খোয়াজুর রহমান-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পথচারী, চালক ও ব্যবসায়ীরা।
সমাধানের দাবি :
স্থানীয়দের মতে, কেবল তালি দেওয়া সংস্কার নয়, বরং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মাধ্যমে রাস্তাটি উঁচু করা এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করাই একমাত্র সমাধান। বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ভুক্তভোগী জনগণ।