ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন:
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে বাসাইল বিল হতে বংশী নদীর অভিমুখী খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ এক আয়োজনের মধ্য দিয়ে খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, এই খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার জন্য এ ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো, যার ফলে কৃষি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হতো। খাল পুনঃখননের ফলে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং কৃষকরা এর সুফল পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাসাইল বিল থেকে বংশী নদীর সঙ্গে সংযোগ স্থাপনকারী এই খালটি এলাকার পানি প্রবাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। খালটি পুনরায় সচল হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।