মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :
২৬ এপ্রিল, রবিবার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্যে সুপারিশপ্রাপ্ত ১৪০৪৯ জন শিক্ষকের যোগদান নিয়ে সরকার তালবাহানা করছে বলে মন্তব্য করেছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ। তারা জানিয়েছেন, দীর্ঘ সরকারি প্রক্রিয়ায় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করে উত্তীর্ন পরীক্ষার্থীদের নিয়োগের জন্যে ফিটলিস্ট প্রকাশ করা হয় এবং ডোপটেস্ট সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে শিক্ষকদের যোগদানের জন্যে অপেক্ষমান রাখা হয়। শিক্ষকগন যখন যোগদানের জন্যে অধীরভাবে অপেক্ষা করছিলেন সেই সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে অপেক্ষমান শিক্ষকগণ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জলঢাকা উপজেলার অপেক্ষমান শিক্ষক ফিরোজ আহমেদ। তিনি জানান, সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরে এখন শোনা যাচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া নাকি রিভিউ করা হবে। সরকার পক্ষে বলা হচ্ছে যে বিগত ইন্টেরিম সরকারের শেষ দিকে নাকি তাড়াহুড়া করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অথচ, ইন্টেরিম পিরিয়ডে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও তার ভাইভা অনুষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের আমলে এবং চুড়ান্ত ফলাফল সহ ডোপটেস্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বর্তমান সরকারের আমলেই। সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে নিয়োগ নিয়ে সরকারের এই তালবাহানা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
ডিমলা উপজেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষক মোর্শেদ হাসান বলেন, আমরা কোনো রাজনৈতিক চালের বলি হতে চাই না। চরম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিক্ষক হিসাবে সুপারিশ পেয়েছি। সুপারিশ পাওয়ার পরেও নিয়োগ নিয়ে সরকারের এই আচরন নিঃসন্দেহে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অসৎ উদ্দেশ্যে সরকার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া একটি নিয়োগ নিয়ে এই তালবাহানা করছে বলে মনে করে সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
দ্রুততম সময়ের মধ্যে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকগন অচিরেই নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।