আলী আহসান রবি :
ঢাকা, ২০ এপ্রিল ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় পর্যায়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ১৪৩৩/২০২৬ উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষ্যে সম্প্রতি জাতীয় কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোতে বর্ণাঢ্য অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ (০৮ মে ২০২৬) শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান আয়োজন করা হবে কবির স্মৃতিবিজড়িত জেলা কুষ্টিয়ায়। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় রবীন্দ্র মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১,০০০ কপি স্মরণিকা ও ১০,০০০ কপি পোস্টার মুদ্রণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবির চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে।
অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ (২৫ মে ২০২৬) সোমবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান আয়োজিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। কবির স্মৃতিধন্য কুমিল্লার দৌলতপুর, মানিকগঞ্জের তেওতা, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এবং চট্টগ্রামে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নজরুল মেলা ও আলোচনা সভার আয়োজন করা হবে। নতুন প্রজন্মের কাছে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কবি নজরুল ইনস্টিটিউট ও গণগ্রন্থাগার অধিদপ্তর বই ও ছবি প্রদর্শনীর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।
সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উভয় কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে। জাতীয় পর্যায়ের এই উদ্বোধনী অনুষ্ঠানসমূহ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। সকল অনুষ্ঠানমালার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।