কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সেম্বুপুর এলাকায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডালিম নামের এক ব্যক্তি ও তার সহযোগী আরও দু’জন কবরস্থানের নাম করে আশেপাশের কয়েকটি স্থানে ফসলি জমি কাটায় মত্ত। এতে করে এলাকার কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ড্রেজারের মালিক ডালিম বলেন, “প্রশাসনকে ম্যানেজ করেই ড্রেজার চালাচ্ছি।”
ক্ষতিগ্রস্ত একাধিক জমির মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ডালিম ও তার সহযোগীরা জোরপূর্বক তাদের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হয়।
তারা বলেন, “আমরা কোনো কথা বলতে পারি না। কিছু বললেই মারতে আসে। বালু ভরাট করার জন্য কয়েকটি জমির আইল বেঁধে রেখেছে।”
ভুক্তভোগীরা আরও জানান, তারা শিগগিরই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন এবং বালু ও মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।